চট্টগ্রামের ডাকাতি মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম ওরফে সিলেটি জসিমকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব)। ভালুকা থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জসিম (৩৯) নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে ও চট্টগ্রাম নগরের খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর  হোসেন জানান, শুক্রবার রাতে চট্টগ্রামের ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি  মো. জসিম ময়মনসিংহের ভালুকা এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তার জসিমকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, খুলশী থানার ডাকাতি মামলার আসামি জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।