রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মো. মোতাহার মোল্লা (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব-১-এর সিপিসি-৩। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।

র‍‍্যাব-১ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব-১-এর সিপিসি-৩-এর একটি দল রূপগঞ্জ থানার তারাব উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। র‍‍্যাবের কাছে তথ্য ছিল, ওই এলাকার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

এর ভিত্তিতে সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিমের নেতৃত্বে সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৮৪ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মোতাহার মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‍‍্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।