'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬' উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে অনুষ্ঠিত হয় এক বিশেষ সেমিনার। আইইউবিএটি’র জনস্বাস্থ্য বিভাগ সেমিনারটি আয়োজন করে।
শুক্রবার রাজধানীর উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই সেমিনারে অংশ নেন জনস্বাস্থ্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকমন্ডলী।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক ও জনস্বাস্থ্য বিভাগ, আইইউবিএটি’র খন্ডকালীন প্রফেসর কাজী এ কিউ এম মহিউল ইসলাম। তিনি নবজাতকের সুস্থতায় মায়ের দুধের অবদান ও সকল শিশুর জন্য মায়ের দুধ নিশ্চিতে জনস্বাস্থ্য পেশাজীবিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস কে নাজমুল হুদা। তাঁর আলোচনায় সকল শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাণিজ্যকীকরণের নেতিবাচক প্রভাব এবং গুঁড়ো দুধ বা বিকল্প খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর আগ্রাসী বাজারজাতকরণ কৌশলের বিষয়সমূহ উঠে আসে।
সেমিনারে বক্তারা বলেন, কীভাবে এই কোম্পানিগুলো মনস্তাত্ত্বিক খেলায় নতুন মা-বাবাদের মনে এক ধরণের কৃত্রিম শঙ্কা তৈরি করে এবং তাদের বুকের দুধ খাওয়ানো থেকে বিচ্যুত করে। সেমিনারে মা-বাবাদের এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা করার বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার এবং মাতৃদুগ্ধ সুরক্ষায় আইনি পদক্ষেপ জোরদার করার আহবান জানানো হয়।