বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি। তিনি বলেন, বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ভোটেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে কটিয়াদীতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশফাক আহমেদ জুন ও রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেন।
প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, সমালোচনাকারীরাও বলতে বাধ্য হচ্ছে এই প্রধানমন্ত্রীকে তো আমরা আগে দেখিনি। মানুষের সমস্যা কীভাবে শনাক্ত করা যায়, কীভাবে তার সমাধান করা যায় এবং সর্বক্ষেত্রে কীভাবে মানুষের আস্থা অর্জন করা যায় তা নিয়ে তিনি কাজ করছেন। মাত্র ছয় মাসেই সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা তৈরি হয়েছে।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে। অতীতে বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি। আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই ভোটের মাধ্যমেই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। কোনো ঘটনা না ঘটলেও সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। 'আর সময় দেওয়া যাবে না, সময় শেষ হয়ে গেছে, এই সরকারকে ফেলে দিতে হবে' এ ধরনের অরাজনৈতিক ও
বিভ্রান্তিকর কথাবার্তার বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।