গাবতলীতে ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রাজধানীর গাবতলী দীপনগর মাছের আড়তের পাশে মাছ বহনকারী একটি ফ্রিজিং গাড়ি মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে মো. ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দীপনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৩৪ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আহত ফারুক হোসেন (৪০) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইমরান হোসেন নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে। তিনি একটি কোল্ড স্টোরেজের কর্মী ছিলেন বলে জানা গেছে।

আহত ফারুক হোসেন (৪০) অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তিনি মাছ বহনকারী গাড়িটির চালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামে। তিনি সিদ্দিকুর রহমানের ছেলে।

হাসপাতালে আহতদের নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ বলেন, দীপনগর এলাকায় একটি কোল্ড স্টোরেজের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়িটি মেরামত করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। এতে আশপাশে থাকা কয়েকজন আহত হন।

সবুজ আরও বলেন, গুরুতর আহত ইমরানসহ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।