ভোলার পূর্ব ইলিশায় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার সোনাডুগী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইজ ভোলার একটি দল।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডুগী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে মাইক্রোবাস থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।