হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে ইরানের একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এই সমঝোতা হলেও প্রণালিটি এখনই খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান। শনিবার ইরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। একই দিনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরান আরও একটি জাহাজে হামলা চালিয়েছে।
চলমান যুদ্ধের অবসানে একটি বৃহত্তর সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ওয়াশিংটন আশা করছে, হরমুজ প্রণালির দুই তীরে থাকা ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা হবে। এর ফলে স্বাভাবিক তেল পরিবহন আবারও শুরু হতে পারে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট নির্ধারণে ইরান ও ওমানের আলোচনা অনেকটাই এগিয়েছে। কিন্তু শুধু এই সমঝোতার ভিত্তিতে প্রণালি খুলে দেওয়া হবে না। এটি নির্ভর করবে আরও কিছু শর্ত পূরণের ওপর। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরানের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও রয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার সচিব মোহাম্মদ বাগের জোলকাদর আরও কয়েকটি শর্তের কথা জানিয়েছেন। তার মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ করা, ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে থাকা তাদের মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা, ইরানের ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করে দেওয়া।
ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক, জাহাজে হামলার নিন্দা
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে ওমান। তবে এসব হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি দেশটি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরানের সঙ্গে তাদের আলোচনা 'ইতিবাচক ও গঠনমূলক' হয়েছে।
এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলোচনার অগ্রগতি যাতে কোনো পদক্ষেপের কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে এমনভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এ পর্যন্ত অর্জিত অগ্রগতি বজায় থাকে এবং সব পক্ষের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়।
আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে আগে যে জাহাজ চলাচল পৃথকীকরণ ব্যবস্থা বা ট্রাফিক সেপারেশন স্কিম চালু ছিল, তা তেহরানের কাছে আর গ্রহণযোগ্য নয়। স্থায়ী একটি রুট চালুর আইনি ও কারিগরি বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত ইরান ওমানের সঙ্গে একটি অস্থায়ী রুট নিয়ে আলোচনা করছে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতায় পৌঁছানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।
ইরানের সংবাদমাধ্যমগুলো তার বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, 'দেশে সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। যতদূর আমি জানি, এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে।'
শনিবার ইউএই জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান সেটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচলের ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তুর আঘাতে একটি জাহাজে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে জাহাজটিতে হামলার বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স