ইকবাল খন্দকারের অতিথি ফজলুর রহমান বাবু

কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভির নিয়মিত আয়োজন ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’-এর ৬৬তম পর্বে অতিথি হয়ে আসছেন বরেণ্য অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। আলোঘর প্রকাশনা নিবেদিত ও সোহেল রানার প্রযোজনায় এই বিশেষ পর্বটি আজ রবিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে। অনুষ্ঠানে শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের আলোকিত মানুষদের মতো ফজলুর রহমান বাবুও শোনাবেন তার বর্ণাঢ্য কর্মজীবন ও জীবনের নানা অজানা স্মৃতিকথা।

অনুষ্ঠানটি নিয়ে উপস্থাপক ইকবাল খন্দকার জানান, সমৃদ্ধ গুণীজনদের জীবনের অপ্রকাশিত গল্প তুলে আনার কারণেই বিগত পর্বগুলোর মতো এটিও দর্শকরা বেশ পছন্দ করবেন। অন্যদিকে বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, প্রাণবন্ত ও ঘরোয়া পরিবেশ পাওয়ায় জীবনের অনেক না বলা কথা সাবলীলভাবে শেয়ার করা সম্ভব হয়েছে, যা দর্শক-শ্রোতাদের দারুণ লাগবে।