‘রামায়ণ’-এর ট্রেলার ও মুক্তির দিন

রণবীর কাপুর অভিনীত নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’ নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি ছবিটির ইংরেজি ট্রেলার প্রকাশের পর জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সিনেমাটি মুক্তি পাবে ৬ নভেম্বর, আর ভারতে মুক্তি পাবে ৮ নভেম্বর দিওয়ালির দিনে।

মুক্তির তারিখের এই তফাৎ নিয়ে প্রযোজক নামিত মালহোত্রা জানান, বিশ্ববাজারের পরিবেশনা সাধারণত শুক্রবারকে কেন্দ্র করে শুরু হয় বলেই ৬ নভেম্বর আন্তর্জাতিক মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। তবে ভারতে মূল লক্ষ্য দিওয়ালির উৎসব।

তবে উৎসবের দিন ভারতে ছবি মুক্তি দেওয়া নিয়ে কিছুটা বক্স অফিস ঝুঁকি থেকেই যায়। কারণ দিওয়ালির পূজা ও পারিবারিক উদযাপনের কারণে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা থাকে। সম্প্রতি সালমান খানের ‘টাইগার ৩’ দিওয়ালির দিনে মুক্তি পেয়ে একই ধরনের ব্যবসায়িক প্রভাবের মুখোমুখি হয়েছিল।

হ্যান্স জিমার ও এ আর রহমানের সংগীত পরিচালনায় দুই পর্বে নির্মিত হচ্ছে এই বিশাল আয়োজনের চলচ্চিত্রটি। ছবিতে দেবী সীতার চরিত্রে সাঁই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। এখন দেখার বিষয়, ভারতের উৎসবের আমেজ পেরিয়ে রণবীরের ‘রামায়ণ’ বক্স অফিসে নতুন কোনো ইতিহাস গড়তে পারে কি না।