দল বদল

আলভারেজকে ছাড়বে না আতলেতিকো

বার্সেলোনা জুলিয়ান আলভারেজকে দলে নিতে তীব্র আগ্রহ দেখালেও চলতি ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কোনোভাবেই ছাড়বে না আতলেতিকো মাদ্রিদ। গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের কোচ দিয়েগো সিমেওনে। আলভারেজকে অবৈধভাবে প্রলুব্ধ করার অভিযোগ তুলে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক নালিশও জানিয়েছে আতলেতিকো। ২৬ বছর বয়সী স্ট্রাইকারকে পেতে প্রস্তাব দিয়েছিল আর্সেনালও। গতকাল সিউলে সাংবাদিকদের সিমেওনে বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত স্পষ্ট। ক্লাবের সিইও মিগুয়েল অ্যাঞ্জেল হিল মারিন এটি ভালোভাবে ব্যাখ্যা করেছেন। খেলাধুলার দৃষ্টিকোণ থেকে হুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে আমরা দারুণ আনন্দিত। গত দুই বছরে তিনি আমাদের যা দিয়েছেন তা অসাধারণ। আমরা তাকে আরও পরিপক্ব ও উন্নত ফুটবলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করব।’

লিভারপুলে উরুগুয়ের আরাউহো

ডিফেন্সের শক্তি বাড়াতে বড় চমক দিতে চলেছে লিভারপুল। বার্সেলোনা থেকে উরুগুয়ের তারকা ডিফেন্ডার রোনালদ আরাউহোকে মৌসুমের পুরো সময়টা ধরে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে অলরেডরা। ইব্রাহিমা কোনাতে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় এবং রক্ষণভাগের একাধিক খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে থাকায় ব্যাকলাইন নিয়ে বেশ বিপাকে পড়েছে লিভারপুল। যুক্তরাষ্ট্রের প্রি-সিজন ট্যুরে দলের মূল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের অনুপস্থিতি সেই সংকট আরও বাড়িয়ে দিয়েছিল। এমন পরিস্থিতিতে দলের নতুন হেড কোচ আন্দোনি ইরাওলার ডিফেন্স সামলানোর চাহিদা মেটাতেই আরাউহোকে আনার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। মূলত পর্যাপ্ত খেলার সুযোগ ও নতুন চ্যালেঞ্জের খোঁজে প্রিমিয়ার লিগের ক্লাবের এই প্রস্তাব লুফে নেন আরাউহো।

নতুন চ্যালেঞ্জের খোঁজে গিমারেস

নিউক্যাসল ইউনাইটেডের অনিচ্ছা সত্ত্বেও ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি-তে আর্সেনালে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। গানার্সদের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন ২৯ বছর বয়সী এই তারকা, যা পরে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। গত বছর নিউকাসলকে ১৯৫৫ সালের পর প্রথম কোনো ট্রফি (কারাবাও কাপ) জেতানো অধিনায়ক গিমারেস স্পষ্ট জানান যে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিয়ে নতুন ট্রফি জয় ও ইতিহাস তৈরি করাই এখন তার মূল লক্ষ্য, ‘মিকেলের সঙ্গে প্রথম কথা বলার পর থেকেই আমি শিহরিত ছিলাম। হৃদয়ের গভীর থেকে অনুভব করছিলাম যে, জীবনে একটি নতুন চ্যালেঞ্জ দরকার। দুটি বিশ্বকাপ খেলার পর ক্যারিয়ারের এমন এক পর্যায়ে এসেছি যেখানে বড় ট্রফি জেতার লক্ষ্য নিয়ে এগোতে চাই। ইতিহাস গড়ার জন্য আর্সেনালই সঠিক জায়গা।’

এনজোকে দলে নিতে চায় ম্যানসিটি

ফ্রেঞ্চ ক্লাব মার্শেই থেকে ১৭ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে অভিজ্ঞ আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলিকে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ইতিহাদের ক্লাবটি। ঠিক ১০ বছর পর সিটিতে ফিরলেন ৩৪ বছর বয়সী রুলি। এর আগে ২০১৬-১৭ মৌসুমে ডেপোর্তিবো মালদোনেদো থেকে প্রথমবার সিটিতে চুক্তিবদ্ধ হয়ে এসেছিলেন। এদিক রদ্রি যদি শেষ পর্যন্ত বার্সেলোনায় চলে যায়, তবে তার জায়গাটায় আরেক আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজকে আনতে চায় সিটি। তবে সেটা সহজ হবে না। কারণ চেলসি ফার্নান্দেজের জন্য প্রায় ১৪০ মিলিয়ন ইউরোর সমান রিলিজ ক্লোজ ধার্য করে রেখেছে।