টেস্টের আগে অশনিসংকেত

সম্পর্কটা অনেক আগে ছিন্ন করলেও বাংলাদেশকে একেবারে ভুলতে পারেননি ডেভ হোয়াটমোর। প্রায় দুই দশক আগে প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন এই অস্ট্রেলিয়ান। সুযোগ পেলে এখনো বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখেন তিনি। লাল-সবুজের প্রতিনিধিরা যে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গেছেন, সে তথ্যও অজানা নয় মালয়েশিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়ে ঢাকায় আসা এই প্রধান কোচের। তবে মূল সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে যে মুশফিকুর রহিমরা মাত্র ৫৪ রানে অলআউট হয়েছেন, ব্যস্ততার জন্য সেটা জানার সুযোগ হয়নি তার। গতকাল যখন জানলেন, তখন বিস্ময়ে চোখ কপালে ওঠার দশা। তবে মনে করিয়ে দিলেন, ‘এটা শুধুমাত্র একটা প্রস্তুতি ম্যাচ। এটা দেখে বিচার করা ঠিক হবে না।’

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিভাগের ধারাবাহিকতার অভাব নিয়ে আলোচনাটা দীর্ঘদিন ধরেই চলছে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে সেটা প্রকট আকার ধারণ করে। এই ব্যর্থতার দায় চোকাতে হয় টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে আরও বড়সড় তালগোল পাকিয়ে ফেলেছেন ব্যাটাররা। মূল সিরিজে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সফরকারী ব্যাটিং বিভাগের লুকিয়ে থাকা কঙ্কাল দৃশ্যমান হয়ে গেছে। ২২ বছরের এক অখ্যাত পেসারের তোপে দিশেহারা হয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

তিন দিনও পুরোপুরি খেলতে পারলেন না নাজমুল হোসেনরা। ৯ সেশনের মধ্যে সব মিলিয়ে ৭ সেশনও খেলা হয়নি। ইনিংস ও ৩৮ রানে হারের পর হতাশা ঝরল বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠে, ‘এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।’ তবে এই ব্যর্থতা আঁকড়ে ধরে থাকতে চান না তিনি, ‘আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যেতে চাই। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।’

২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় ও শেষ দিন শুরু করা বাংলাদেশ দল গতকাল মাত্র ৩৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায়। ক্যাম্পবেল থমসন নামের মাত্র ২২ বছর বয়সী এই তরুণ পেসার একাই গুঁড়িয়ে দেন সফরকারী ব্যাটিং বিভাগ। মাত্র ২৫ রানে ৮ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে থমসনও বিস্ময় প্রকাশ করেন, ‘সত্যি বলতে, অমনটা ভাবিনি। তবে জানেন তো, মাঝে মাঝে একটু ভাগ্য সহায় হয় এবং আজ সেটাই আমার পক্ষে কাজ করেছে, যা বেশ ভালো লেগেছে।’

থমসনের নিখুঁত লাইন-লেন্থ ও সুইংয়ের চ্যালেঞ্জ সামলাতে পারেননি সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা। একমাত্র তানজিদ হাসান (২২) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। অভিজ্ঞ মুশফিক থামেন মাত্র ২ রান করে। আগামী ১৩ আগস্ট প্রথম টেস্টে নামার আগে এই প্রস্তুতি ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওঠার তাগিদ সিমন্সের, ‘এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার জন্য আমাদের হাতে এখনো ৪ দিন সময় আছে। আমি বিশ্বাস করি, এই ৪ দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করব, যেন টেস্টের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।’

ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পাননি তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা। প্রথম ইনিংসে হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে প্রস্তুতি সারলেও অন্য পেসাররা বেশ অগোছালো ছিলেন। যদিও এর মধ্যে একটা স্বস্তির খবর পাওয়া গেছে। আঙুলের চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রথম দিনে চোট পাওয়ার পর তাইজুলের ব্যথা ও ফোলা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রথম টেস্টের আগে এখনো বেশ কয়েক দিন সময় আছে। চোট নিয়ে কাজ করার জন্য আমরা আরও চার দিন পাচ্ছি। তাই আশা করছি, এই সময়ের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে প্রথম টেস্টের জন্য প্রস্তুত থাকবে।’