গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

চারদিন ধরে চলা উদ্ধার অভিযান শেষে শনিবার (৮ আগস্ট) গাজা সিটির পশ্চিমাঞ্চলের কারাম ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রমের দায়িত্বে থাকা মোহাম্মদ আবু দান বলেন, টানা চারদিন তল্লাশির পর কারাম ভবনে উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন বিশেষায়িত চিকিৎসাকর্মী ও সিভিল ডিফেন্সের দল গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করবে।

সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, ইসরায়েলি হামলায় ধসে পড়া কংক্রিটের বিশাল স্ল্যাব সরানোর মতো ভারী সরঞ্জাম না থাকায় তারা সাধারণ সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর নির্ভর করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত, ৪ হাজার ১২১ জন আহত এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি মরদেহ উদ্ধার করা হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।