ট্রাম্পের টিকটক থেকে উধাও টেইলরের গান!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পপ তারকা টেইলর সুইফটের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই বেশ উত্তপ্ত। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রকাশ্যে ভোট দেয়ার ঘোষনার পর থেকেই গায়িকার উপর ক্ষুব্ধ ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট টেইলরের জনপ্রিয় গান ‘আগস্ট’ সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত এই ভিডিওতে কোনো ধরনের পূর্বানুমতি ছাড়া গানটি ব্যবহার করায় টিকটকে কপিরাইটজনিত বার্তা প্রদর্শিত হচ্ছে এবং অডিওটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। 

টেইলর সুইফট এবং ট্রাম্পের মধ্যবর্তী পুরোনো রাজনৈতিক বৈরিতা ও দ্বন্দ্বের কারণে বিতর্কিত এই পোস্টটি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। ‘টিম ট্রাম্প’ নামের ওই টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে একটি বারান্দায় দাঁড়িয়ে আতশবাজি উপভোগ করতে দেখা যায়। ভিডিওর গায়ে লেখা ছিল, ‘মুড- কারণ এখন আগস্ট মাস এবং ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট।’ 

এমনকি ক্যাপশনে টেইলর সুইফটকে উদ্দেশ করে খোঁচা দিয়ে লেখা হয়, ‘আমি নিশ্চিত যে টেইলর সুইফট আমাদের তার গান ব্যবহার করতে দেখে অত্যন্ত রোমাঞ্চিত হবেন!’ তবে শুক্রবার সন্ধ্যায় ব্যবহারকারীরা লক্ষ করেন যে, ২০২০ সালে মুক্তি পাওয়া টেইলরের ‘ফোকলোর’ অ্যালবামের সেই হিট গানটি আর ভিডিওতে বাজছে না। এর পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা রয়েছে- ‘কপিরাইট মালিক আপনার দেশে এই সাউন্ডটি ব্যবহারের অনুমতি দেননি।’ 

গানটি সরিয়ে নেওয়ার পর টিকটকে ভক্ত ও নেটিজেনদের প্রশংসার বন্যা বয়ে যায়। ট্রাম্পের ওই ভিডিওর নিচে সর্বোচ্চ লাইক পাওয়া একটি মন্তব্যে এক ব্যবহারকারী লেখেন, ‘টেইলর অডিওটি সরিয়ে দিয়েছেন, তিনি আসলেই রানি!’ 

 ১৪ মিলিয়ন অনুসারী থাকা ‘টিম ট্রাম্প’ অ্যাকাউন্টটি মূলত ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চালু করা হয়েছিল এবং ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পরও সেখান থেকে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে সুইফট এবং ট্রাম্প উভয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি কেবল এই একটি ভিডিওতেই সীমাবদ্ধ নয়; অতীতেও টেইলর সুইফটের গান ব্যবহার ঘিরে ট্রাম্পের অ্যাকাউন্টে একই ধরনের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ৬ নভেম্বর পোস্ট করা ‘টিম ট্রাম্প’-এর একটি ভিডিওতে ব্যবহৃত সুইফটের ‘ফাদার ফিগার’ গানটির অডিও একইভাবে মুছে ফেলা হয়েছিল। অবশ্য একদিন আগে পোস্ট করা অন্য একটি ভিডিওতে ব্যবহৃত ‘রেড’ গানটির সংস্করণ এবং গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে ব্যবহৃত ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানটির ট্র্যাক এখনো সচল রয়েছে।