দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রশাসক শফি কামাল স্বপ্নিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ (রবিবার) স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে এই সিদ্ধান্ত নেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জানা গেছে, মাস দুয়েক আগে স্টেডিয়ামের উত্তর দিকের বৈদ্যুতিক কাজ, বর্জ্য অপসারণ এবং সার্বিক পরিচ্ছন্নতাবিষয়ক কিছু সুনির্দিষ্ট দায়িত্ব প্রশাসককে অর্পণ করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সেই নির্দেশনা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হন। তারই সূত্র ধরে আজকের পরিদর্শনে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করার পরই এই শাস্তিমূলক পদক্ষেপ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে স্টেডিয়ামের শৃঙ্খলা ফেরাতে এর চারপাশের সব দোকান বরাদ্দও বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
আরও জানা গেছে, দোকানগুলোর স্থানে পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় বিভাগের বিভিন্ন ক্লাবের অফিশিয়াল কার্যক্রম পরিচালনার জন্য ক্লাবগুলোর অফিস বরাদ্দ দেওয়া হবে।