বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন টিনের ঘরের ঠিকানা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী বন্যাকবলিত এলাকায় গিয়ে নতুন টিনের ঘর ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন।
প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। তিনি সেখান একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুযোর্গ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগদান দেন।
গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। বন্যায় জলাবদ্ধতার এসব এলাকায় শত শত মানুষের ঘর-বাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।
এখানে কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হন হেলিকপ্টারে। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।