আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট জামাল হোসেন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ তৈলারদ্বীপ এলাকায় শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মৃত জামাল হোসেন (৫৫) ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, জামাল হোসেনের চাচাতো ভাই মুজিবের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি জানার পর তিনি নিজের ঘরের আইপিএসের বৈদ্যুতিক লাইন বন্ধ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।