বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। বিভ্রান্তিতে কান না দিয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার তাগিদ দেন তিনি।

ররিবার (৯ আগস্ট) কক্সবাজারের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের কল্যাণে কাজ করাই বর্তমান সরকারের মূল দায়িত্ব। এ ধারাবাহিকতায় চলতি বছর দেশের ৪১ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এ ছাড়া নারীদের স্বাবলম্বী করা এবং তরুণদের জন্য স্থায়ী কর্মসংস্থান তৈরিকে সরকারের অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন তিনি।

দেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান পূর্বশর্ত হিসেবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টি হলে বাজার থেকে শুরু করে বন্দরের কাঁচামাল পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়, যা সার্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিশ্চিত করতে হবে।’

সমুদ্রসম্পদ ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সমুদ্রের মালিক জনগণ; এর বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। বিএনপির শক্তির মূল উৎস জনগণ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে সরকারের যাবতীয় উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।