পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আদিবাসীদের নিজস্ব নৃত্য-গানের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে দুপুর ১২টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লুস সরেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, সাবেক ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চলের (সিএমএলআরপি) কর্মসূচি কর্মকর্তা সীমা মুরমু এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট মৃণাল কান্তি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে হবে। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব নৃত্য ও গান পরিবেশন করেন। এ সময় উপজেলার জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।