ঢাকা থেকে প্রথমবার বরিশালে এসে ভাসমান পেয়ারা বাজার ও নৌকা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বরিশালের মানুষের আন্তরিকতায় আমি সত্যি মুগ্ধ।
তিনি বলেন, এখানে এসে ভাসমান বাজার ঘুরে দেখেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে নগরের কীর্তনখোলা নদীতে ভাসমান একটি লঞ্চে বরিশাল প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বরিশাল সত্যি খুব সুন্দর জায়গা। নদীপথে নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় স্থানীয়রা আনন্দিত। ভবিষ্যতে তিনি আবারও বরিশালে আসবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে সকালে সদরের রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত বরিশালের প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘মিয়াবাড়ি মসজিদ’ পরিদর্শনে যান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মসজিদে যাওয়ার আগে তিনি সংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
বরিশাল সদরে আসার আগে ঝালকাঠির বিখ্যাত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন রাষ্ট্রদূত। সেখানে ছোট নৌকায় চেপে ভাসমান হাটের বেচাকেনা দেখার পাশাপাশি স্থানীয় চাষীদের সঙ্গে কথা বলেন এবং ঐতিহ্যবাহী পেয়ারা চাষ ও নদীকেন্দ্রিক জীবনযাত্রার খোঁজ নেন।
দুদিনের সফরের শেষদিন সোমবার মার্কিন রাষ্ট্রদূত বরিশাল নগরীর ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন চার্চ এবং গৌরনদী উপজেলার ক্যাথলিক চার্চ পরিদর্শন করবেন। সফর শেষে ঢাকায় ফেরার পথে তার ‘পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া’ পরিদর্শন করার কথা রয়েছে।