অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন ধরে অজানা থাকা একটি সত্য উন্মোচিত হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। ১৯৫৮ সালে দেশের হয়ে টেস্ট অভিষেক হওয়া সাবেক ফাস্ট বোলার রন গন্টই সম্ভবত ছিলেন অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের প্রথম আদিবাসী টেস্ট ক্রিকেটার।
মেলবোর্নে জন্ম নেওয়া রন গন্ট ১৯৫৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে আত্মপ্রকাশ করেন। দীর্ঘদিন ধরে ধারণা করা হতো ১৯৯৬ সালে জেসন গিলেস্পি টেস্টে অভিষেক করা প্রথম অস্ট্রেলিয়ান আদিবাসী পুরুষ ক্রিকেটার। তবে নতুন এই অনুসন্ধানে তা কয়েক দশক পেছনে চলে গেল।
১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে একমাত্র উইমেনস টেস্ট ম্যাচ খেলা আন্টি ফেইথ থমাস ছিলেন প্রথম আদিবাসী নারী টেস্ট ক্রিকেটার)।
রন গন্টের প্রপিতামহী মাটিল্ডা কাওয়ান ছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যালারডং নুঙ্গার সম্প্রদায়ের আদিবাসী নারী। তবে পরিবার ও সমাজের তীব্র সামাজিক বৈষম্যের কারণে দীর্ঘদিন এই পারিবারিক সত্য গোপন রাখা হয়।
-
বিশ শতকের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় চালু থাকা বর্ণবাদী আইন এবং 'হোয়াইট অস্ট্রেলিয়া' নীতি আদিবাসীদের অধিকারকে সংকুচিত করেছিল। ১৯২৭ সালে পার্থ শহরে আদিবাসীদের প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি ছিল।
-
রন গন্টের ভাইপো ডাডলি গন্ট জানান, পরিবারের সদস্যরা জানতেন এই পরিচয় প্রকাশ পেলে রনের ক্রিকেট ক্যারিয়ার এবং পরিবারের স্বাভাবিক জীবন চরম বাধার মুখে পড়বে। তাই পরিচয় গোপন রাখা হয়েছিল।
-
রন গন্টের মৃত্যুর (২০১২) বহু বছর পর ২০২০ সালে পারিবারিকভাবে পরিচালিত ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের এই হারিয়ে যাওয়া আদিবাসী শিকড় নিশ্চিত হয়।
ববি সিম্পসনের সঙ্গে রন গন্ট
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলা শুরু করা রন গন্ট পরবর্তীতে ভিক্টোরিয়ায় চলে আসেন এবং 'ফুটসক্রে ক্রিকেট ক্লাবে' দীর্ঘদিন বোলিং কোচের দায়িত্ব পালন করেন। অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার মার্ভ হিউজকে ফাস্ট বোলার বানানোর ক্ষেত্রে রন গন্টের অবদান ছিল সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডোডেমেইডও তার শুরুর দিনগুলোতে রন গন্টের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে তথ্য সামনে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি তদন্ত করে দেখছে এবং ক্রিকেট ইতিহাসের সঠিক তথ্য সংরক্ষণে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে।
বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলে স্কট বোল্যান্ড, অ্যাশ গার্ডনার ও ব্রেন্ডন ডগেটের মতো আদিবাসী ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে সফলতার সাথে প্রতিনিধিত্ব করছেন। আগামী সপ্তাহে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়া দলে মাঠে নামবেন ফাস্ট বোলার স্কট বোল্যান্ড।