প্রাথমিক কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ ও ‘ম্যাথ ল্যাব’

প্রাথমিক শিক্ষার কারিকুলামে ‘সায়েন্স টয়’ ও ‘ম্যাথ ল্যাব’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বই পড়ে নয়, হাতে-কলমে ও খেলার ছলে শিশুরা বিজ্ঞান শিখবে। এ লক্ষ্যেই প্রাথমিক কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইনসহ সৃজনশীলতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুদের আকার-আকৃতি, যোগ-বিয়োগ, গুণ-ভাগসহ গণিতের মৌলিক ধারণা শেখানো হবে।

‘ম্যাথ ল্যাব’ চালুর বিষয়ে তিনি বলেন, প্রতিটি শিশুর মৌলিক পড়াশোনা ও গণিতের দক্ষতা নিশ্চিত করা জরুরি। এতে উচ্চতর শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে না।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

মিড-ডে মিল প্রকল্পের সমালোচনার বিষয়ে তিনি বলেন, পাইলট প্রকল্পের বিভিন্ন ত্রুটি চিহ্নিত করা হয়েছে। সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।