সূর্যবংশীকে থামাতে হেলমেটে বল করতেন ব্রেট লি

আইপিএলের মেগা মঞ্চ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন—সবখানেই তাণ্ডব চালিয়ে শিরোনামে চলে এসেছেন ভারতের উঠতি ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের মতো বিশ্বসেরা এক্সপ্রেস গতিদানবদের তুচ্ছ করে যেভাবে এই বাঁ-হাতি ব্যাটার মাঠের চারপাশে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছেন, তাতে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। অজি ফাস্ট বোলিং কিংবদন্তি ব্রেট লিও সূর্যবংশীর পাওয়ার-হিটিং দক্ষতা এবং খেলার ধরন দেখে বিস্ময় প্রকাশ করেছেন।
 
তবে সূর্যবংশীকে বল করার সুযোগ পেলে তাকে ছেড়ে দিতেন না বলে কড়া হুঙ্কারও দিয়েছেন সাবেক এই অজি পেসার। নিজের চেনা আগ্রাসী মেজাজে ব্রেট লি জানান, সূর্যবংশীর পুল কিংবা হুক করার দক্ষতা পরীক্ষা করতে তিনি সরাসরি তার হেলমেট বা ব্যাজ লক্ষ্য করে বাউন্সার মারতেন!
 
জনপ্রিয় ইউটিউব শো 'বীরবাইসেপস'-এ কথা বলার সময় ব্রেট লি উল্লেখ করেন যে, সূর্যবংশীর অবিশ্বাস্য হিটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও এখন বিশ্বজুড়ে জোর আলোচনা চলছে। 'সে অবিশ্বাস্য এক প্রতিভাবান ক্রিকেটার। ভারতের বাইরে সবাই একটাই প্রশ্ন করছে—তার বয়স কি সত্যিই ১৫ বছর? গোটা বিশ্বে এখন এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিন্তু সে ১৫ বছরের হোক কিংবা ১৭-১৮, তাতে আমার কিছু যায় আসে না। এই ছেলেটা ক্রিকেট খেলতে জানে। ভারতের জন্য সে চমৎকার এক আবিষ্কার, এবং ভবিষ্যতে সে আরও বড় বড় সাফল্য অর্জন করবে,' বলেন ব্রেট লি। 
 
গতি আর বাউন্স দিয়ে ব্যাটারদের পরাস্ত করায় সিদ্ধহস্ত ব্রেট লি সূর্যবংশীর বিপক্ষে নিজের বোলিং কৌশল বিশ্লেষণ করতে গিয়ে বলেন, 
"কেউ যদি দারুণ হুক বা পুল শট খেলতে পারে, সেটা আমার খুব পছন্দ। কারণ তখন লড়াইটা জমে ওঠে। আমি বোর্ডের আলোচনায় বসতাম, পরিকল্পনা করতাম এবং অবশ্যই একটা বল সরাসরি তার হেলমেটের ব্যাজ লক্ষ্য করে (বডিলাইন বাউন্সার) ছুড়ে দিতাম, দেখি সে কী করে! হতে পারে সে আমাকে ছক্কা মারবে, কিন্তু তাই বলে আমি তাকে দ্বিতীয় বাউন্সার দেওয়া থেকে পিছিয়ে আসতাম না।"
 
তবে তরুণ এই বিস্ময় বালকের ওপর অতিরিক্ত চাপের বোঝা না চাপানোর পরামর্শও দিয়েছেন ব্রেট লি। তিনি মনে করেন, সূর্যবংশীকে তার মতো করে স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া উচিত এবং বয়সের এই সময়ে ক্রিকেটকে পুরোপুরি উপভোগ করতে দেওয়া দরকার।