শেখ হাসিনার সঙ্গে শিক্ষকের জুম কলের ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে প্রশাসন

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জুম কলে কথা বলছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এক নারী শিক্ষক এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

৯ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটিতে চৌদ্দগ্রাম উপজেলার সাঙ্গিশ্বর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাছুমা হোসেনকে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কবে, কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে এবং এর সত্যতা কতটুকু, তাৎক্ষনিক তা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে দেখা যায়, শিক্ষক মাছুমা হোসেন ও তার স্বামী গোলাম সারওয়ার মিজান আলাদাভাবে কথা বলছেন। জুম কলের একটি ফ্রেমে এক পুরুষকে হোস্টের ভূমিকায় দেখা যায়। ভিডিওর অন্য একটি অংশে কারো চেহারা দেখা না গেলেও শেখ হাসিনা নাম লেখা একটি ভাসমান ফ্রেমে তার কণ্ঠসদৃশ একজনকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়।

ভিডিওতে শিক্ষক মাছুমা হোসেনকে তার কর্মস্থল ও পারিবারিক পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তিনি মৃত্যু ভয় পাই না। ওখানে আমার জবপ্লেস বলে শুনা যায়। 

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে শিক্ষক মাছুমা হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাঙ্গিশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ওই শিক্ষক সাত দিনের ছুটির একটি দরখাস্ত দিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তবে তার ছুটি এখনও মঞ্জুর করা হয়নি। তিনি স্কুলে অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এবিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন বলেন, সংশ্লিষ্ট শিক্ষিকাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ (শো কজ) দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।