দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ছাত্রমঞ্চ। এসব ঘটনার প্রভাব সাধারণ শিক্ষার্থীদের ওপর পড়ছে বলেও জানিয়েছে সংগঠনটি।
রবিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পাসগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাতীয় ছাত্রমঞ্চ। সংবাদ সম্মেলনে গত ৩ ও ৪ আগস্ট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়টি উল্লেখ করা হয়। এসব ঘটনার প্রভাব ন্যাশনাল মেডিকেল কলেজ এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
জাতীয় ছাত্রমঞ্চের সদস্য সচিব আহানাফ আতিফ বলেন, কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সংগঠনের আধিপত্য বিস্তারের ক্ষেত্র হতে পারে না। ক্যাম্পাস শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধির বিকাশ, মতপ্রকাশ ও নিরাপদ সহাবস্থানের জায়গা।
এইদিকে সিনিয়র যুগ্মসচিব সৈয়দ মারুফ জিসান বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে তা সংঘর্ষ, হামলা, ভয়ভীতি ও দখলদারিত্বে রূপ নিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সংগঠক সালমান শরিফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।