চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবসহ একটি পিকআপ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় নারীসহ পাঁচজনকে আটক করা হয়।
রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত পটিয়া থানায় দুইটি অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ পাঁচজন আটক এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করেছে র্যাব-৭।
আটকরা হলেন কক্সবাজারের টেকনাফের ছোটহাবিরপাড়ার হামিদ হোছন (৫৬), একই উপজেলার লেঙ্গুরবিল এলাকার রাশেদা আক্তার (২৮), চন্দনাইশের উত্তর হাশিমপুর খলিফা পাড়া মুন্নী আক্তার (৪৫) ও উখিয়ার ডেইল পাড়া মরিয়ম খাতুন (৩২) ও চকরিয়ার দক্ষিণ পাহাড়র এলাকার পিকআপচালক মো. জমির হোসেন (৩১) ।
বিজ্ঞপ্তি বলা হয়, কতিপয় মাদক কারবারী যাত্রীবেশে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাট হয়ে সিএনজি যোগে চট্টগ্রাম শহরের দিকে আসতেছে। এমন তথ্যের ভিত্তিতে ৬ আগস্ট বিকেলে র্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া থানার কমল মুন্সীর হাটের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে যাত্রীবেশে বসে থাকা কয়েক জন কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয় এবং তল্লাশীর একপর্যায়ে অভিযুক্ত হামিদ হোছনসহ অন্য তিন নারীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে এক মাদক কারবারী একটি মিনি পিকআপে ইয়াবা নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে এমন খবরে ৮ আগস্ট রাত ৩টায় র্যাব-৭ পটিয়ার শাহচান্দ আউলিয়া (রাঃ) দরগাহ গেইটের সামনের সড়তে চেকপোস্ট বসায়। পরে সন্দেহভাজন মিনি পিকআপটির চালক মো. জমির হোসেনকে আটক করা হয়। পরে মিনি পিকআপের কৌশলে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।