চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড।
এই উদ্যোগের আওতায় বটতলায় দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও পরিবেশ উন্নয়নের কাজ করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন সেবা নিতে আসা রোগী ও স্বজনদের অপেক্ষার সময়ের ক্লান্তি ও মানসিক চাপ কিছুটা লাঘবের পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণের সৌন্দর্য ও নান্দনিকতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বটতলার সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিচ্ছন্ন ও সুন্দর চমেক গড়ে তুলতে এর আগেও এপিক হেলথ কেয়ার ডাস্টবিন বিতরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে-এটাই প্রত্যাশা।
এপিক হেলথ কেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; একটি পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক পরিবেশও সুস্থতার অংশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। পরিচ্ছন্ন ও আধুনিক চমেক গড়ে তুলতে এপিক হেলথ কেয়ারের এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও সেবাবান্ধব করে তুলতে এর আগেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে এপিক হেলথ কেয়ার লিমিটেড। ধারাবাহিক এই কার্যক্রমের অংশ হিসেবেই এবার হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।