চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক নিয়োগ

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।

অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো- আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় অঙ্কের মূলধন ঘাটতি, বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয় ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতার কারণে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রেজল্যুশন বা পুনর্গঠন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক ও সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, ব্যবস্থাপনা ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণে কার্যকর অগ্রগতি হবে। একই সঙ্গে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।