হোয়াটসঅ্যাপ ব্যবহারে বয়স কি বাধা হবে

বয়সের কোনো বেড়াজাল নেই হোয়াটসঅ্যাপে। পড়াশোনা হোক বা অফিশিয়াল কাজ, সবাই দিনের একটা দীর্ঘসময় এই অ্যাপে ডুবে থাকেন। এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হলো, বয়স এক্ষেত্রে কোনো বাধা নয়। যেকোনো বয়সেই এই অ্যাপ ব্যবহার করা যায়। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, এবার নাকি হোয়াটসঅ্যাপেও বয়সসীমা বেঁধে দেওয়া হতে পারে!

সম্প্রতি ‘এক্স’ হ্যান্ডেলে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে জন্ম তারিখ অ্যাড করতে বলা হচ্ছে। মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কি কম বয়সী ব্যবহারকারীদের জন্য ভারত কঠোর কোনো নিয়ম চালু করছে? সংস্থার তরফে বলা হয়েছে, কোনো ফিচার ব্যবহার বা নিবন্ধনের সময় তারা ব্যবহারকারীদের কাছে বয়স জানতে চাইতে পারে। কিছু ক্ষেত্রে, ব্যবহারকারীর বয়স যাচাই করার জন্য তারা অতিরিক্ত তথ্যেরও অনুরোধ করতে পারে। তবে নির্দিষ্ট বয়স না হলে এই অ্যাপ ব্যবহার করা যাবে না, এমন কোনো নির্দেশিকা রয়েছে বলে এখনো জানা যায়নি।

হোয়াটসঅ্যাপের কথায়, বিশে^র বিভিন্ন প্রান্তে আইনি বাধ্যবাধকতা মেনে চলতেই ব্যবহারকারীদের বয়স সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। এই তথ্যের মাধ্যমে তারা বয়স-উপযুক্ত অভিজ্ঞতা দিতে পারে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু ‘মেটা এআই’ ফিচার এবং ‘স্ট্যাটাস’ ও ‘চ্যানেল’-এর বিজ্ঞাপন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, রেডিট এবং ইউটিউবের মতো বেশ কয়েকটি প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ। সেখানকার সরকারের মতে, ক্ষতিকর বিষয়বস্তু, সাইবার বুলিং এবং অনলাইন গ্রুমিংয়ের সংস্পর্শে আসা থেকে শিশুদের রক্ষা করাই ছিল এই পদক্ষেপের লক্ষ্য। তবে অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার আওতা থেকে হোয়াটসঅ্যাপকে বাইরে রাখা হয়েছে।