রেজিস্ট্রার্ড বা নিবন্ধিত হকার ছাড়া রাজধানীর রাস্তায় আর কেউ বসতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। আগামী এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
রবিবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত 'হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরও জানান, অতীতে বিভিন্ন সময়ে হকার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এবার হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে তাদের তালিকা প্রণয়ন করে আইডি কার্ড বা পরিচয়পত্র দেওয়া হবে।
এছাড়া হকারদের জন্য নির্দিষ্ট দিনে হলিডে মার্কেট চালু করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রশাসক আরও বলেন, পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে এবং আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ খোঁজা হবে।