বিগত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেভাবে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে সেই আস্থা ধরে রাখার জন্য দলের নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার নির্দেশনাও প্রদান করেন তিনি।
রবিবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। এমন কোন কাজ করা যাবেনা যার কারণে সরকারের ওপর জনগনের আস্থা কমে যায়।
সরকার যাতে ভালো কাজ করতে পারে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে- এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষা সবকিছুতে নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, বিগত জাতীয় নির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীদের জয় এনে দিয়েছেন, আগামী স্থানীয় সরকার পরিষদ নির্বাচনেও একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গ্রহণযোগ্য প্রার্থীদের জয়ী করে আনতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির দুই সদস্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর একদিনের চট্টগ্রাম সফরে চট্টগ্রামের তিনটি উপজেলায় পৃথক পৃথক কর্মসূচী থাকলেও দলীয় নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ ছিল রেডিসন ব্লু’র সাংগঠনিক সভাকে ঘিরে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক নেতার উপস্থিতিতে এই সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সভা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া দেশ রূপান্তরকে বলেন, আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন তাতে দলের নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছেন। বিশেষ করে তিনি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থেকে জন প্রতিনিধি নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মো. নাজিমুর রহমান বলেন, আমাদের চেয়ারম্যান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়া এবং দেশের মানুষের কল্যানের জন্য কাজ করতে জনগণের কাছে ওয়াদাবদ্ধ। মানুষ আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছে। ভোটের আগে মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আমরা রক্ষা করতে চাই। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানুষের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে হবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও সভায় দলের স্থায়ী কমিটির দুই সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুরের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রামের সংসদ সদস্যগণ, চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির পুরো আহ্বায়ক কমিটি, মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ ও উত্তর জেলার বিভিন্ন থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এতে অংশ নেন।