সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার (১০ আগস্ট) এক শোকবাণীতে তিনি বলেন, সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একদল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এসব প্রবাসীদের ওপর সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বহুলাংশে অনেক ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল এবং তারা পরিবারের আশা-ভরসার স্থল। জীবিকার তাগিদে সুদূর পরবাসে গিয়ে এভাবে তাজা প্রাণগুলো ঝরে পড়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন নিহতদের শহীদী মর্যাদা দান করেন এবং তাদের স্বজনদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।
তিনি বলেন, নিহত প্রবাসী শ্রমিকদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের লাশ অবিলম্বে দেশে ফিরিয়ে এনে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি।