কুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগষ্ট) সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন উপজেলা সদরের উত্তরপাড়ার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)। রবিবার ( ৯ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন খবর পেয়ে মুরাদনগর থানার এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স মুরাদনগর উত্তরপাড়া মাদক কারবারি তারু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়র সময় হাতেনাতে তারু মিয়া ও তার ছেলে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাবা ও ছেলের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। যা এলাকার যুবসমাজকে বিপথগামী করে তুলছিল। তাদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।