চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এখানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাণোৎসারিত শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে।
সোমবার (১০ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভকামনা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। আজকের তরুণেরাই আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে- এটাই আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি, তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করবে। নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।