কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ

চলতি বছরের কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায়  ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ হাজার ৪৭০ জন উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। ফলাফল সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

চলতি বছরে ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল।