চতুর্থ বিয়ে কবে করবেন? আমিরকে খোঁচা নেটিজেনদের

গত মাসেই তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সমালোচনার কবলে পড়ের বলিউড তারকা আমির খান। শুধু তাই নয়, মুসলিম হয়ে বার বার ভিন্ন ধর্মের নারীকে বিয়ে করে হিন্দুত্ববাদী সংগঠনের রোষের মুখেও পড়েন তিনি। এমনকি আমিরের মাথা এনে দেয়ার জন্য পুরস্কারও ঘোষণা করে সংগঠনটি।  

অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮তম আসরে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন তিন বলিউড তারকা আমির খান, সানি দেওল এবং প্রীতি জিন্তা। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া তাদের নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারের অংশ হিসেবেই সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে এই পর্বে দেখা যাবে তাদের। তবে এই প্রচারের পাশাপাশি নতুন করে আলোচনা ও ট্রোলের মুখে পড়েছেন কিছু দিন আগেই তৃতীয় বিয়ে করা আমির খান। 

কেবিসি ১৮-এর নতুন একটি প্রমোতে আমির খানকে শোর এই মৌসুমের মূল থিম ‘সোচনা পড়েগা’ নিয়ে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করতে দেখা যায়। আমির জিজ্ঞাসা করেন, ‘আপনি প্রমোতে বললেন ‘সোচনা পড়েগা’, কিন্তু কী ভাবতে হবে?’ জবাবে অমিতাভ বচ্চন তার চেনা মেজাজে জানান, এই মৌসুমে বিষয়গুলো অত সহজ হবে না, প্রতিযোগীদের প্রতিটি পদে ভেবেচিন্তে এগোতে হবে। কথাটিতে সায় দিয়ে আমিরও মন্তব্য করেন, ‘আসলেই ভাবতে হবে স্যার... সত্যিই ভাবতে হবে।’ 

প্রমোটি প্রকাশ্যে আসার পর দর্শক ও ভক্তদের একটি অংশ ভিডিওর মন্তব্যের ঘরে আমিরের ব্যক্তিগত জীবন টেনে ট্রোল করা শুরু করেন। এই অভিনেতাকে নিয়ে বেশ কিছু খোঁচা দেওয়া মন্তব্য দেখা যায়। কেউ রসিকতা করে লেখেন, ‘তাকে জিজ্ঞেস করুন চতুর্থ বিয়েটা কবে করছেন?, আবার কেউ মন্তব্য করেন, ‘তিনি কি এখানে নিজের বিয়ের গল্প করতে এসেছেন?’ আবার অনেকেই শোর থিম ‘সোচনা পড়েগা’র সঙ্গে মিলিয়ে মজা করে লিখেছেন, তৃতীয় বিয়ের পর আমিরকে হয়ত আবার বিয়ের ব্যাপারে ভাবতেই হবে! 

উল্লেখ্য, গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে একটি ছিমছাম আয়োজনের মাধ্যমে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির খান। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়, যেখানে কেবল নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এটি আমিরের তৃতীয় বিয়ে।