খাল খনন শেষে তেরো লাখ টাকা কোষাগারে ফেরত

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন পঞ্চগড়ের দুই ইউএনও

পঞ্চগড়ের আটোয়ারী এবং সদর উপজেলায় খাল খনন কাজ শেষে প্রায় তেরো লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালখননে সচ্ছতা ও সৌন্দর্যযবর্ধনের জন্য প্রধান মন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন তারা। 

জানা গেছে জেলার আটোয়ারী উপজেলায় খাল খননের কাজ শেষে প্রায় সাড়ে নয় লাখ টাকা ফেরত দিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবী। আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা খালের খনন কাজ শেষ করে অবশিষ্ট এই টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

 অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার রজলী টাংগন ব্রিজ থেকে রজলীপাড়া এলাকায় ৬৩০ মিটার খাল পুনঃখনন এবং ৬০ মিটার নতুন সংযোগ খাল খননের কাজ সম্পন্ন করে উপজেলা প্রশাসন। ইউএনও ফাহমিদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে মোট ৬৯০ মিটার খালের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছিলো ৩৮ লাখ টাকা।

বাকডোকরা খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। এই খাল খনন সম্পাদনের পর বেচে যায় ৯ লাখ ৩৯ হাজার ১৯১ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবী ও ফাহমিদা সুলতানা এই ভালো কাজের প্রশংসা কুড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা পেয়েছেন ।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবীর সাথে কথা বললে তিনি জানান, গত ৮ তারিখে  প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাদেশের ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটি মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে এই জেলা থেকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমি উপস্থিত ছিলাম।

প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টিকে গুরুত্বারোপ করে পরবর্তী এ ধরনের খাল খনন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশনাও প্রদান করেন।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ শেষে অব্যয়িত অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এ কাজের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেয়েছি। এটা নি:সন্দেহে অনেক উদ্দিপনার। সামনের দিনে এরকম উৎসাহ ভালো কাজে আরও আগ্রহী করে তুলেছে।