২৫০০ কোটি টাকার ট্রেজারি বন্ড নিলাম কাল

সরকারের ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকার ট্রেজারি বন্ড বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এ বন্ডের পুনঃনিলাম অনুষ্ঠিত হবে। 

১০ বছর মেয়াদি এই বন্ডের মেয়াদ ইতোমধ্যে পাঁচ বছরের বেশি পার হয়েছে। ফলে অবশিষ্ট ৫ দশমিক ৭৮ বছরের জন্য এটি পুনরায় বিক্রি করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের মিডিয়া এন্ড কমিউনিকেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের পুনঃনিলামে মোট ২ হাজার ৫০০ কোটি টাকার বন্ড বিক্রি করা হবে। বন্ডটির মূল ইস্যু তারিখ ছিল ২৫ মে ২০২২ এবং মেয়াদ শেষ হবে ২৫ মে ২০৩২। এতে কুপন বা সুদের হার ৮ শতাংশ।

নিলামে বন্ডের দাম নির্ধারণ হবে দরভিত্তিক পদ্ধতিতে। সরকারি সিকিউরিটিজের প্রাথমিক ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যাংকগুলো সরাসরি নিলামে দর দিতে পারবে। এ ছাড়া অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষেও প্রাথমিক ডিলার ব্যাংকের মাধ্যমে দর দিতে পারবে।

নিলামে প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের পছন্দের দাম এবং কত টাকার বন্ড কিনতে চান, তা উল্লেখ করে দর জমা দিতে হবে। আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই ব্যবস্থার মাধ্যমে এসব দর জমা দিতে হবে।

তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি নিয়ে আগের নিয়মে সিলগালা খামে দর জমা দেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত প্রক্রিয়া ও নির্দেশনা ইতোমধ্যে প্রাথমিক ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে।