বিদেশে থাকা এবং বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের ব্যাংকিং সেবার আওতায় আনতে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’।
এই কার্ডের মাধ্যমে প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ ও নিরাপদ করার পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার পথও সহজ হবে। চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী কার্ডের উদ্বোধন করবেন।
কার্ড চালুর লক্ষ্যে সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রাজধানীর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।
দেশের অর্থনীতি সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতেই ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধাও সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের জন্য যুগোপযোগী সেবা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের সময়বদ্ধ পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী প্রবাসীদের কল্যাণে নেওয়া কার্যক্রম এগিয়ে চলছে। প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক সই সেই পরিকল্পনারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন।
মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসী ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের আর্থিক লেনদেন সহজ করা এবং তাদের ব্যাংকিং সেবার আওতায় আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কার্ডটির মাধ্যমে প্রবাসীদের জন্য বিভিন্ন আর্থিক ও সরকারি সেবা আরও সহজে দেওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ।