এসএসসি ফলাফল ২০২৬

প্রযুক্তি ও আধুনিক পরীক্ষা ব্যবস্থাপনায় কি শিক্ষার মান বেড়েছে?

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সার্বিক পাসের হার ৬২.২৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১,১৬,৬৭৬ জন। বিগত ২০২৫ সালের ফলাফলের সাথে তুলনা করলে দেখা যাবে—পাসের হার কিংবা জিপিএ-৫ পাওয়ার গ্রাফটি কিছুটা নিম্নমুখী (২০২৫ সালে পাসের হার ছিল ৬৮.৪৫% এবং জিপিএ-৫ ছিল ১,৩৯,০৩২)। 

উপরিউক্ত পরিসংখ্যান দেখে যারা উদ্বেগ বা সংশয় প্রকাশ করছেন, তাদের একটু গভীরে দৃষ্টি দেওয়া প্রয়োজন। শিক্ষাসংশ্লিষ্ট বিজ্ঞজন ও সরকারের নীতি-নির্ধারকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রমাণ করে—এটি কোনো 'ফলাফল বিপর্যয়' নয়, বরং কৃত্রিম নম্বরের অতিমূল্যায়ন ভাঙার মাধ্যমে শিক্ষার আসল মান ও কঠোর শিখনফল নিশ্চিত করার এক সাহসী ও প্রশংসনীয় মাইলফলক।

গুণগত শিক্ষার পথে সাহসী পদক্ষেপ:
বিগত কয়েক বছরে মহামারী ও অন্যান্য নানা জরুরি পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ বিবেচনায় পরীক্ষা নেওয়ার যে বাধ্যবাধকতা তৈরি হয়েছিল, তা থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি ছিল। শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শিক্ষাবিদদের অভিমত ছিল—নম্বরের কৃত্রিম স্ফীতি ঘটাইলেই শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায় না। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে, পূর্ণাঙ্গ সিলেবাসে এবং ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে।

স্বাভাবিকভাবেই যখন শিক্ষার্থীরা পূর্ণ সিলেবাস ও প্রকৃত মানদণ্ডে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পায়, তখন প্রাপ্ত নম্বর হয় তাদের অর্জিত যোগ্যতার প্রকৃত প্রতিচ্ছবি। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখার মূল কারণ হলো—এটি আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের প্রতিযোগিতায় টিকিয়ে রাখার যোগ্য করে তুলবে। মাধ্যমিক স্তরেই যদি মূল্যায়ন শিথিল থাকে, তবে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে গিয়ে আমাদের তরুণ প্রজন্ম আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তাই পাসের হার সাময়িকভাবে কিছুটা কমলেও যোগ্যতার ভিত্তিতে নম্বর প্রদানের যে বস্তুনিষ্ঠ ধারা সূচিত হয়েছে, তা দীর্ঘমেয়াদে দেশ ও জাতির জন্য এক বড় আশীর্বাদস্বরূপ।

প্রযুক্তি ও আধুনিক পরীক্ষা ব্যবস্থাপনার যুগান্তকারী অগ্রগতি:
এবারের এসএসসি পরীক্ষার সর্বাপেক্ষা প্রশংসনীয় দিক হলো এর পরিচালনা ও মূল্যায়নের অভূতপূর্ব স্বচ্ছতা। প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে রিয়েল-টাইমে মনিটরিং করা হয়েছিল। কেন্দ্রের প্রবেশদ্বারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডি-ওর্ন (Body-worn) ক্যামেরা নিশ্চিত করেছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন ঘটার সুযোগ না পায়।

পরীক্ষার স্বচ্ছতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নে যে সংস্কার আনা হয়েছে, তা শিক্ষাব্যবস্থায় বড় এক ইতিবাচক পরিবর্তন। প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের নিয়ে বিশেষ কর্মশালা আয়োজনের মাধ্যমে খাতা মূল্যায়নের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছিল। উত্তরপত্রের মানসম্পন্ন ও নির্ভুল মূল্যায়ন নিশ্চিত করতে একজন পরীক্ষককে সর্বোচ্চ ৩০০টি উত্তরপত্র প্রদানের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এর সরাসরি প্রভাব পড়েছে ফলাফলে—যেখানে যোগ্য শিক্ষার্থী তার প্রাপ্য নম্বরই পেয়েছে, অনুমানের ভিত্তিতে বা তাড়াহুড়ো করে নম্বর দেওয়ার সুযোগ বন্ধ হয়েছে।

নারী শিক্ষার জয়যাত্রা ও সামাজিক অগ্রগতি:
ফলাফলের সুনির্দিষ্ট পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, এ বছরও সাফল্যের শীর্ষে অবস্থান করছে আমাদের মেয়েরা। ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ছাত্রদের পাসের হার যেখানে ৫৭.৮৬%, সেখানে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮%। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা (৬৩,৮৯৬ জন) ছাত্রদের (৫২,৭৮০ জন) উল্লেখযোগ্য ব্যবধানে পেছনে ফেলেছে। সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

এটি কেবল একটি পরীক্ষার পরিসংখ্যান নয়; এটি আমাদের সমাজ পরিবর্তনের এক গভীর বার্তা বহন করে। বিগত সব ও বর্তমান সরকারের নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মেয়েদের উপবৃত্তি প্রদান এবং নারী শিক্ষাকে উদ্বুদ্ধ করার নানামুখী নীতি আজ দৃশ্যমান সুফল দিচ্ছে। কন্যাশিশুরা আজ ঘরে বন্দী না থেকে শুধু স্কুলেই যাচ্ছে না, মেধার চরম স্বাক্ষর রেখে জাতির অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে।

মানবিক দৃষ্টিভঙ্গি ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা:
একটি আধুনিক ও সভ্য রাষ্ট্রের শিক্ষাব্যবস্থার প্রধান মাপকাঠি হলো সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রান্তিক শিক্ষার্থীরা কতটা সুরক্ষা ও সুযোগ পাচ্ছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী ও হস্তসংক্রান্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক (Scribe) সুবিধার পাশাপাশি অতিরিক্ত ৪৫ মিনিট সময় বর্ধিত করা হয়েছিল। এছাড়া অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পালসি আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য অভিভাবক, শিক্ষক বা সাহায্যকারীর সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করা হয়েছিল।

শিক্ষার্থীবান্ধব এই পরিবেশ তৈরি, পরীক্ষাকেন্দ্রে সুপেয় পানির ব্যবস্থা করা এবং অভিভাবকবৃন্দের সুবিধার্থে কেন্দ্রের বাইরে বসার শেড নির্মাণ করার মতো ছোট কিন্তু মানবিক উদ্যোগগুলো প্রমাণ করে—শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষাকে আর কোনো 'ভীতিপ্রদ আয়োজন' হিসেবে না রেখে একটি অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-বান্ধব প্রক্রিয়ায় পরিণত করেছে।

চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তরের তাগিদ:
ফলাফলের একটি অংশ নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হতে পারে—যেমন এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩১২টিতে দাঁড়িয়েছে (যার সিংহভাগই মাদ্রাসা শিক্ষা বোর্ডের)। শিক্ষা মন্ত্রণালয় এই তথ্যগুলোকে গোপন না করে অত্যন্ত স্বচ্ছতার সাথে জনসমক্ষে প্রকাশ করেছে। ইতিবাচক দৃষ্টিতে দেখলে, সমস্যা চিহ্নিত হওয়াই হলো সমাধানের প্রথম ধাপ।

যেসব প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি, সেখানে কেন এমনটি ঘটলো—তা খতিয়ে দেখার বাস্তবভিত্তিক সুযোগ তৈরি হয়েছে। শিক্ষক সংকট, দুর্গম ভৌগোলিক অবস্থান বা প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলোর ওপর আলো ফেলে এখন জরুরি ভিত্তিতে সংস্কার উদ্যোগ নেওয়া যাবে। শিক্ষা বোর্ডের এই বস্তুনিষ্ঠ মূল্যায়ন না থাকলে আমরা কখনোই জানতে পারতাম না কোন অঞ্চল বা প্রতিষ্ঠানে আমাদের অতিরিক্ত বাজেট ও শিক্ষক প্রশিক্ষণ প্রয়োজন।

এসএসসি ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কৌশলগত পলিসি ও অ্যাকশন প্ল্যান:
(১). শূন্য পাস ও পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ (Intervention Plan): (ক). ইনটেনসিভ কেয়ার ও মেন্টরিং (School Mentorship): যে ৩১২টি প্রতিষ্ঠানে পাসের হার ০% (বিশেষ করে ২২৬টি মাদ্রাসা) এবং যেসব প্রতিষ্ঠানে পাসের হার ৫০%-এর নিচে, সেগুলোকে সংলগ্ন সফল/উচ্চমানের প্রতিষ্ঠানের সাথে 'প্যায়ারিং' বা মেন্টরিংয়ের অধীনে আনতে হবে। (খ.) আশু শিক্ষক পদায়ন ও বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ: মানবিক ও মাদরাসা ধারায় ইংরেজি, গণিত ও বিজ্ঞানের তীব্র শিক্ষক ঘাটতি রয়েছে। জরুরি ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক বা পুল শিক্ষক নিয়োগ এবং ইন-সার্ভিস ট্রেনিং নিশ্চিত করতে হবে।

(গ). প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ: পরপর দুই বছর ০% পাস করা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রধান শিক্ষকের কাছ থেকে সুনির্দিষ্ট মানোন্নয়ন চুক্তি (KPI Based Performance) গ্রহণ করা।

২. জেন্ডার সমতার পাশাপাশি ছেলেদের ঝরে পড়া রোধের নতুন নীতি (Addressing Male Dropout):
(ক). কারিগরি ও দক্ষতা শিক্ষার সাথে সংযোগ: ছাত্রীদের ধারাবাহিক সাফল্যের প্রশংসা বজায় রেখে, কেন ছাত্রদের পাসের হার (৫৭.৮৬%) ও অংশগ্রহণের হার তুলনামূলকভাবে পিছিয়ে পড়ছে তা পর্যালোচনা করা প্রয়োজন। অর্থনৈতিক চাপ বা বাল্য-শ্রমের ঝুঁকিতে থাকা ছেলেদের জন্য মাধ্যমিক স্তরেই কারিগরি শিক্ষা ও শর্ট-কোর্স স্কিল যুক্ত করার পলিসি নেওয়া দরকার।

(খ). সহপাঠ্যক্রম ও বয়ঃসন্ধিকালীন কাউন্সিলিং: মাধ্যমিক স্তরের সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিকভাবে উদ্বুদ্ধ রাখতে সাইকো-সোশ্যাল কাউন্সিলর পদায়ন বা শিক্ষকদের কাউন্সিলিং প্রশিক্ষণ প্রদান।

৩. শিখনফল ও মূল্যায়ন পদ্ধতির টেকসই আধুনিকায়ন (Assessment Reforms):
(ক). ক্রমাগত ও ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট (Formative Assessment): চূড়ান্ত পরীক্ষার ১০০% ওপর নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়ন (Continuous Internal Assessment)-এর নম্বর ৩০-৪০% শতাংশে উন্নীত করা, যাতে খাতা মূল্যায়নের হঠাৎ তারতম্য কম ঘটে।

(খ). মানবিক ও ব্যবসায় শিক্ষার ডিজিটাল পাঠদান:

বিজ্ঞান বিভাগের মতো মানবিক ও ব্যবসায় শিক্ষায় প্রযুক্তিভিত্তিক ভিজ্যুয়াল কনটেন্ট এবং স্মার্ট ল্যাব সুবিধা বাড়াতে হবে, যাতে মানবিক বিভাগের পাসের হার (৪১%-৫৪%) উত্তরোত্তর বৃদ্ধি পায়।

৪. অবকাঠামো, মনিটরিং ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার:
(ক). মানবিক সুবিধা স্থায়ী করা: পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে অভিভাবকদের জন্য বসার শেড, সুপেয় পানির ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা শুধু পরীক্ষা কেন্দ্রেই সীমাবদ্ধ না রেখে নিয়মিত স্কুল দিনগুলোতেও প্রসারিত করা।

(খ). বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জাতীয় ডাটাবেজ: অটিস্টিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্ক্রাইব নিয়োগের প্রক্রিয়াটি আরও সহজ ও কেন্দ্রীয় ডিজিটাল আবেদনের আওতায় আনা।

পরিশেষ: সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার দৃপ্ত প্রত্যয়:
পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ 'পেপারলেস' পদ্ধতি অনুসরণ এবং শিক্ষা বোর্ডসমূহের নিজস্ব Short Code 16140-এর মাধ্যমে ডিজিটাল উপায়ে দ্রুততম সময়ে ফল পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকারের আধুনিক ও স্মার্ট শিক্ষা ব্যবস্থারই বহিঃপ্রকাশ। শিক্ষা মন্ত্রণালয়ের দূরদর্শী পদক্ষেপ, শিক্ষকদের নিবেদিত উদ্যোগ এবং অভিভাবকদের সচেতন সহযোগিতায় শিক্ষাঙ্গনে আজ ইতিবাচক পরিবেশ বিরাজ করছে।

যারা এ বছর কাঙ্ক্ষিত সাফল্য পাওনি, তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। পূর্ণাঙ্গ সিলেবাসে নিজেদের মূল্যায়নের মাধ্যমে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছ, তা আগামী দিনের প্রস্তুতিকে আরও মজবুত করবে। শিক্ষার প্রকৃত লক্ষ্য কেবল একটি জিপিএ-৫ বা সাময়িক পাসের সনদ অর্জন নয়, বরং নীতি-নৈতিকতা, মেধা ও দক্ষতায় নিজেকে গড়ে তোলা। ২০২৬ সালের এই এসএসসি পরীক্ষা প্রমাণ করল—আমরা কৃত্রিম কৃতিত্বের চেয়ে আসল যোগ্যতাকে অগ্রাধিকার দিতে শিখেছি, যা একটি বুদ্ধিভিত্তিক ও উন্নত জাতি গঠনের পথকে আরও সুগম ও টেকসই করবে।

 

ড. মোহাম্মাদ আনিসুর রহমান
সমাজনীতি ও স্বাস্থ্যনীতি বিষয়ক গবেষক,
শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।