দেশের যেকোনো উপকূলীয় এলাকায় হরগোজার দেখা মেলে। সুন্দরবনসহ লোনাপানিধৌত বন-উপবনের সাধারণ বাসিন্দা অদ্ভুত ফুলদায়ী এই হরগোজা। পাতার অদ্ভুত প্রকাশ, কিনারার প্রবল কাঁটা, তার মধ্যে চমৎকার নীল-বেগুনি রঙের ফুল, ক্যাপসুল আকৃতির লম্বা লম্বা ফল সব মিলিয়ে নজরকাড়া গাছের অদ্ভুত এক আবহ এনে দেয় দর্শনার্থীর মনে। সুন্দর ফুলদায়ী উদ্ভিদটির সংস্কৃত নাম হরিকুশ। মানুষের মুখে মুখে তা বিবর্তিত হয়ে হরগোজায় এসে ঠেকেছে বলে ধারণা করা হয়। অনেকে একে হরকুচকাঁটা বলেও ডাকেন। হরগোজার কান্ড কাষ্ঠল, নরম রোমে ভরা। কাঁটাময়, খাড়া বহুবর্ষজীবী গুল্ম। উচ্চতা আড়াই মিটার বা ৭-৮ ফুটের মতো। গোড়ার দিকটা কন্দের মতো স্ফীত হয়। একসঙ্গে অনেকগুলো গাছ কলোনির মতো থাকতে দেখা যায় লোনাপানিময় জঙ্গলের ধারেকাছে, সাগর পাড়ে, জোয়ারের পানিবাহিত খালের পাড়ের কাদামাটিতে। শাখাপ্রশাখা আর পাতায় থাকে তীক্ষèাতিতীক্ষ বিষাক্ত কাঁটা। আঁকাবাঁকা, অসমান প্রতিটা খন্ডতে একটা করে থাকে সুচালো কাঁটা। তবে কাঁটা থাকে না এর কচি পাতায়। পাতার বোঁটা বেশ শক্ত। হরগোজার ফুল ফোটে চৈত্র-বৈশাখে, অনেকগুলো ফুল একসঙ্গে খাড়া মঞ্জরিদ-ে। একেবারেই ব্যতিক্রমী ধাঁচের ফুল। মজার ব্যাপার, এর ফুলে আছে মাত্র একটি পাপড়ি! নীল-বেগুনি রঙের অসাধারণ মিলমিশ এই ফুলে। কোনো কোনো গাছে অবশ্য সাদা ফুলও ফুটতে দেখা যায়। পাপড়িগুলো বাইরের দিকে ভীষণভাবে ওল্টানো। আগার দিকটা সামান্য দ্বিধাবিভক্ত। ফুলগুলো ধরে বহুবিভক্ত মঞ্জরিদ-ে, লম্বায় তা হতে পারে ৮-১০ সেমি। ফুল ধরে সর্বোচ্চ ২০ জোড়ার মতো। ডালের আগায় কিংবা মাঝে কাক্ষিকভাবেও ফুল ধরে উদ্ভিদটির। ফুলের বৃত্যাংশ ৪। হরগোজার ফলগুলোও ফুলের মতো সুন্দর। বিশেষ করে পাকার আগের সবুজ মুহূর্তটাতে দারুণ লাগে এদের দেখতে। এমনই সবুজ রঙের এরা, ঠিক পাতার রঙের। ফলগুলো টিউবের মতো, ক্যাপসুলের মতো লম্বা ও গোলগাল। পেকে গেলে রঙ হয় হলুদ কিংবা বাদামি। বীজ ৩-৪টি, সাদা রঙের। সজিনা গাছের মতো, কান্ড পুঁতে দিলে গাছ হয় অনেক সময়। বীজ থেকে তো চারা জন্মায়ই।
গুল্মটিকে সমুদ্র-বনের (mangrove forest) উদ্ভিদ হিসেবে বিবেচনায় আনা হয় না সাধারণত, তবে আমাদের উপকূলীয় এলাকাতে এর হাজিরা আছে দারুণভাবে, অনেক অনেক সংখ্যায়। সুন্দরবনে আছে ভরা-ভরা; আছে বিপুলভাবে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারের সমুদ্র বন-উপবনে। শুধু আমাদের দেশে নয়, এর দেখা মিলবে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া আর অস্ট্রেলিয়া ও এর আশপাশের দ্বীপ এলাকায়।