নতুন সিনেমা ‘শিকার’-এর দৃশ্যধারণে নেপালে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশটির পোখারার মনোরম লোকেশনে বাংলাদেশ, ভারত ও নেপালের কলাকুশলীদের নিয়ে চলছে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং। রেজা ফিল্মস প্রযোজিত এই ছবিতে অপুর বিপরীতে নতুন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন মুর্তজা পলাশ। এ ছাড়া রয়েছেন কলকাতার রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস জানান, চিত্রনাট্যে নিজের অভিনয়ের দারুণ সুযোগ দেখেই ছবিটিতে যুক্ত হয়েছেন। নতুন নায়কের অভিষেক নিয়েও বেশ আশাবাদী তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২৯ আগস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ছবিটির প্রথম ধাপের চিত্রগ্রহণ চলবে। এরপর দেশের মাটিতে বাকি অংশের শুটিং সম্পন্ন করা হবে। তবে সিনেমাটি মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।