বলিউডের পারিশ্রমিক কাঠামোতে পরিবর্তন আসায় নিজের নতুন প্রজেক্টে ভিন্ন পথ বেছে নিতে পারেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ব্যবসায়ী আশনিল গ্রোভারের বায়োপিকে অভিনয়ের জন্য তিনি ২০ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার বদলে ছবির প্রযোজক হিসেবে যুক্ত হয়ে শেয়ার নেওয়ার কথা ভাবছেন।
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’র সাবেক বিচারক আশনিল গ্রোভারকে নিয়ে প্রস্তাবিত এই সিনেমাটি পরিচালনা করছেন রাহুল মোদি। এতে আশনিলের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে দেখা যেতে পারে শ্রদ্ধাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্দিষ্ট মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে প্রযোজকের ওপর চাপ না বাড়িয়ে শেয়ারের দিকে ঝুঁকছেন এই অভিনেত্রী।
বক্স অফিসের অনিশ্চয়তা এবং ওটিটি ও স্যাটেলাইট স্বত্ব বিক্রির নতুন হিসাব-নিকাশের কারণে অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকাদের অনেকেই এখন এককালীন বড় অঙ্কের ফি না নিয়ে লাভ কিংবা স্বত্বের অংশ নিচ্ছেন। শ্রদ্ধা কাপুরও সেই একই মডেল অনুসরণ করছেন বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ‘ইথা’ সিনেমার জন্য ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিলেও এই বায়োপিকে প্রযোজক হিসেবে যুক্ত হলে তা শ্রদ্ধার ক্যারিয়ারে একটি বড় ব্যবসায়িক মোড় নিতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি এই বলিউড অভিনেত্রী।