তথ্যমন্ত্রী বললেন

অর্থনৈতিক উন্নয়নে সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। আর বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতিই এই স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে গতকাল সোমবার বেলা ১১টার দিকে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে বসবাস এ এলাকার একটি বিশেষ বৈশিষ্ট্য। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা করে আসছে। আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে সেই সম্প্রীতিই নতুন করে প্রতিফলিত হয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সামাজিক সম্প্রীতির সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে আরও সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে নিতে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এ জন্য দেশের সব মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা জরুরি। এটি শুধু সুখ-শান্তির বিষয় নয়; দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে না পারলে নাগরিকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব হবে না।

বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার। পাশাপাশি সেখানকার বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করছে। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম এবং জরুরি বন্ধু ও মিত্র।’

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদায় যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যবোধ। ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

এর আগে আন্তঃধর্মীয় সংলাপকে কেন্দ্র করে গৌরনদী ক্যাথলিক চার্চে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হয়। বক্তারা বিভিন্ন ধর্মের মানুষের দীর্ঘদিনের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির কথা তুলে ধরেন। চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।

এতে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রি ও ফাদার মাইকেল দেউরি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দুই দিনের বরিশাল সফরের শেষ দিনে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেন এবং গৌরনদী ক্যাথলিক চার্চে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন। সংলাপ শেষে দুপুরে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।