নবম মামলায়ও জামিন পেলেন খায়রুল হক

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় সাবেক প্রধান  বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছে উচ্চ আদালত। তার করা জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ জামিন দেয়। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানম-ির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মোট ৯টি  মামলা হয়। সব মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। গতকালেরটিসহ সব মামলাতে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। গতকাল আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে বলেন, এবিএম খায়রুল হককে গতকাল ৯ নম্বর মামলায় অন্তর্বর্তীকালীন জামিন ও জামিন প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট। তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট ঘটনা দেখিয়ে গত বছর ২৫ নভেম্বর এ মামলাটি করা হয়। অন্য একটি মামলায় জামিনের পর মুক্তির অপেক্ষায় থাকা খায়রুল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় গত ৮ জুলাই। অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু আরও বলেন, ‘এর আগেও জামিনের পর আমরা কারামুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু একেকটি মামলায় জামিনের পরই তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়। তাই এবারের জামিনের পর তার কারামুক্তি নির্ভর করছে সরকার তার বিরুদ্ধে নতুন কোনো মামলা দেয় কি না, তার ওপর।’