৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর

বয়স যে শিক্ষার পথে কোনো বাধা নয়, তা আবারও প্রমাণ করলেন নাটোরের বাগাতিপাড়ার আলী আকবর। জীবনের নানা প্রতিকূলতায় একসময় পড়াশোনা ছেড়ে দিতে হলেও ৫৪ বছর বয়সে এসে সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করেছেন তিনি। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৩৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

আলী আকবর বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা। তিনি মোল্লা শেখ খোকার ছেলে। স্থানীয়ভাবে তার ডাকনাম আলী আজম। চাকরির সুবাদে রাজশাহীতে অবস্থান করায় সেখানকার নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুলের কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

আলী আকবর জানান, ছোটবেলায় দারিদ্র্যের কারণে তার লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কয়েক ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। সংসারের অভাবের কারণে একসময় বাবার সঙ্গে কাজে যোগ দিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাকে। পরবর্তীতে বিয়ে করেন। তার এক ছেলে ও এক মেয়ে। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে আর্থিক চাপ আরও বেড়ে যায়। একপর্যায়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মচারী হিসেবে চাকরি শুরু করেন তিনি। স্বামী-স্ত্রী দুজনের উপার্জন দিয়ে সন্তানদের পড়াশোনা চালিয়ে যান। সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের পড়াশোনার স্বপ্নকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন আলী আকবর। তার বড় মেয়ে নার্সিং পেশায় যুক্ত হয়েছেন। ছেলে ইসমাইল হোসেন এমবিবিএস চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে কর্মরত। সন্তানদের পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত করা, তাদের বিয়ে দেওয়া সব দায়িত্ব শেষ করার পর সেই পুরনো স্বপ্নের কথা মনে পড়ে তার। বয়সকে বাধা মনে না করে নতুন করে পড়াশোনা শুরু করেন। অবশেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবার অংশ নিয়েই জিপিএ-৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি।