লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন

লিবিয়ার সবচেয়ে বড় জাওয়িয়া তেল শোধনাগারের একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ আগস্ট) আগুন লাগার পর দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ করেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর: আরব নিউজ

রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) সহযোগী প্রতিষ্ঠান ব্রেগা পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি জানায়, তারা আগুনের কারণে শোধনাগারের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে।

এনওসি জানায়, আগুন লাগা ট্যাংকটিতে আনুমানিক ৪৫ লাখ লিটার পেট্রল ছিল। ট্যাংকটি সরাসরি হামলার শিকার হয়েছে। এ ঘটনায় এলাকায় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে এনওসি।

রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শোধনাগারে প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। এটি দেশটির ৩ লাখ ব্যারেল দৈনিক উৎপাদনক্ষম শারারা তেলক্ষেত্রের সঙ্গেও যুক্ত।

দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়নি বলে জানিয়েছেন সেখানে কর্মরত দুই প্রকৌশলী।