কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন। পরে বাবুপুত্র আনিসুজ্জামান চৌধুরী রনির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের অক্টোবরে আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকেও আসামি করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তারের কথা শুনেছি। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।