চট্টগ্রামের কর্ণফুলী নদীর পিডিবি ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি নারীর লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন।
সোমবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।
নিহত জান্নাতুল ফেরদৌস বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি জুতোর কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১ আগস্ট কর্ণফুলী নদীর পিডিবি ঘাট এলাকা থেকে ওই নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে নিহতের তথ্য প্রচার করা হয়। এরই প্রেক্ষিতে পরিবারের সদস্যরা সদরঘাট নৌ থানায় এসে লাশটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কারখানায় চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন জান্নাত। বিষয়টি পরিবার জানতে পারলেও তারা এ বিয়ে মেনে নেয়নি। এদিকে দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্বামীর সঙ্গে তার ঝগড়া-বিবাদ চলছিল বলে পুলিশকে জানিয়েছে পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, মামলার প্রেক্ষিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের গ্রেপ্তারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।