শিশুদের টিকার সংখ্যা কমানোর নির্দেশ ট্রাম্পের

শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে টিকার সংখ্যা কমানো এবং হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা আলাদা করে দেওয়ার সুপারিশ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১১ আগস্ট) বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। 

ট্রাম্প বলেন, 'কয়েক দশক আগে শিশুরা আজকের তুলনায় খুব অল্পসংখ্যক টিকা নিত। সে সময় মানুষ অনেক বেশি সুস্থ ছিল এবং অবশ্যই বর্তমানে যে হারে অটিজম দেখা যাচ্ছে, তখন তা ছিল না।'

দীর্ঘদিন ধরেই এমএমআর টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। তবে একাধিক গবেষণায় এই টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

নতুন আদেশে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস (এএপি) বর্তমানে শিশুদের জন্য যে ১৮টি টিকার সুপারিশ করে, তা কমিয়ে ১১টিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

তবে এই নির্বাহী আদেশ বাধ্যতামূলক নয়; এটি মূলত নির্দেশনা হিসেবে কাজ করবে। কারণ শিশুদের স্কুলে ভর্তি বা উপস্থিতির জন্য কোন কোন টিকা বাধ্যতামূলক হবে, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য সরকারগুলো নেয়, ফেডারেল সরকার নয়।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তার প্রশাসন 'সবচেয়ে গুরুতর ও বিপজ্জনক রোগের বিরুদ্ধে মাত্র ১১টি মূল টিকার জন্য গোল্ড-স্ট্যান্ডার্ড বা সর্বোচ্চ মানের সুপারিশ' স্বীকৃতি দিচ্ছে। এই ১১টি টিকার মধ্যে রয়েছে হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি বা পারটুসিস, পোলিও, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-বি , নিউমোকক্কাল রোগ, হিউম্যান প্যাপিলোমাভাইরাস এবং ভ্যারিসেলা বা চিকেনপক্সের টিকা। 

এ সময় তিনি দাবি করেন, এমএমআর টিকা একসঙ্গে দিলে তা 'খুবই প্রাণঘাতী' হতে পারে। তিনি বিষয়টিকে একটি শিশুর শরীরে এক বোতল কোমল পানীয় ঢেলে দেওয়ার সঙ্গে তুলনা করেন।

এক সাংবাদিক তার এই 'প্রাণঘাতী' দাবির পক্ষে প্রমাণ জানতে চাইলে ট্রাম্প বলেন, 'আমি যা শুনেছি, তাতে কিছু মানুষ এমনটাই বলে থাকেন।'

তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এমএমআর টিকার ক্ষেত্রে ছোট শিশুদের জ্বরজনিত খিঁচুনির ঝুঁকি খুবই সামান্য। যেসব শিশুর গুরুতর অ্যালার্জি বা দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার মতো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাদের টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।

সিডিসি বলছে, 'এমএমআর টিকা নেওয়া বেশিরভাগ মানুষের কোনো গুরুতর সমস্যা হয় না।' সংস্থাটির মতে, হাম, মাম্পস বা রুবেলায় আক্রান্ত হওয়ার তুলনায় টিকা নেওয়া অনেক বেশি নিরাপদ।

এমএমআর টিকাকে তিনটি আলাদা টিকায় ভাগ করে দেওয়ার কোনো উপকারিতা আছে—এমন 'প্রকাশিত বৈজ্ঞানিক প্রমাণ নেই' বলেও জানিয়েছে সিডিসি।

বিশেষজ্ঞরা বলছেন, টিকার ডোজের মধ্যে দীর্ঘ বিরতি রাখলে এর মধ্যেই শিশুরা এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি একাধিকবার চিকিৎসকের কাছে যেতে হলে কোনো কোনো টিকার ডোজ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ে।