হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগে স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগ থেকে নবজাতক চুরির অভিযোগে স্বামী-স্ত্রী দুইজনকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া নবজাতকটিকে। এ সময় চক্রটির অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। চাঞ্চল্যকর এই ঘটনার পর হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে এ চুরির ঘটনাটি ঘটে।

গ্রেপ্তাররা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী শেফালী বেগম (৩৫)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১০ আগস্ট) সকালে প্রসব বেদনা নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম। পরে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পর নবজাতককে কোলে নিয়ে প্রসূতি বিভাগের ভেতরে ঘোরাফেরা করছিলেন শিশুটির দাদি জয়গুন বেওয়া।

ঘোরাফেরার একপর্যায়ে পাশের বেডে থাকা শেফালী বেগম নবজাতকটিকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার কথায় বিশ্বাস করে শিশুটিকে শেফালীর কোলে রেখে চিকিৎসকের কাছে যান দাদি জয়গুন বেওয়া। এই সুযোগটিকেই কাজে লাগায় চোর চক্র। শেফালী বেগম ও তার স্বামী সিরাজুল ইসলাম কৌশলে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়ার চেষ্টা করে।

চিকিৎসকের কাছ থেকে ফিরে এসে নাতিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন জয়গুন বেওয়া।

এদিকে শিশুটিকে সাথে নিয়ে শেফালীসহ চক্রের কয়েকজন দ্রুত হাসপাতাল থেকে বের হতে গেলে সন্দেহ হয় কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের। তারা দ্রুত পদক্ষেপ নিয়ে সিরাজুল ও শেফালীকে আটকে ফেলেন এবং নবজাতকটিকে উদ্ধার করেন। তবে সুযোগ বুঝে চক্রটির অন্য সদস্যরা সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানানো হয়, গ্রেপ্তারকৃত শেফালী বেগম মূলত প্রসূতি সেজে হাসপাতালে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে তল্লাশি করে শরীরে বাঁধা অবস্থায় অতিরিক্ত কাপড় পাওয়া গেছে। মূলত এই কাপড় ব্যবহার করেই নিজের পেট উঁচু করে প্রসূতি সাজার ভান করেছিলেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, নবজাতক উদ্ধারসহ আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার তাদের বিরুদ্ধে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।